জুলাই সনদ বাস্তবায়নে অনুষ্ঠিত গণভোটের ফলাফল সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রকাশিত সংশোধিত গেজেটে দেখা গেছে, আগের প্রকাশিত সংখ্যার তুলনায় মোট বৈধ ভোট প্রায় ১১ লাখ কমেছে। এর মধ্যে 'হ্যাঁ' ভোট কমেছে প্রায় ১০ লাখ এবং 'না' ভোট কমেছে ১ লাখের বেশি।
সংশোধিত গেজেট অনুযায়ী, গণভোটে মোট বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১।
এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০ (আগের চেয়ে ৯ লাখ ৭৪ হাজার ৬৮০টি কম)।
আর ‘না’ ভোট ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১ (আগের চেয়ে ১ লাখ ১১ হাজার ৪৯৫টি কম)।
বাতিল ভোট ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬ (আগের চেয়ে ১২ হাজার ৫৫৯টি বেড়েছে)।
নির্বাচন কমিশনের তথ্যমতে, মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১০ লাখ ৭৩ হাজার ৬১৬টি কমে দাঁড়িয়েছে ৭ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্র সংস্কারে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয়।
গত ১২ ফেব্রুয়ারি ২৯৯টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এই সনদের ৪৮ দফা বাস্তবায়নে জনমত যাচাইয়ে গণভোট অনুষ্ঠিত হয়।
১৩ ফেব্রুয়ারি প্রাথমিকভাবে ফল প্রকাশ করা হলেও আজ তা সংশোধন করা হলো।
ফলাফল পরিবর্তনের বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, আগের প্রকাশিত ফলাফলে করণিক ভুল ছিল। কিছু সংখ্যা এদিক-ওদিক হয়েছে। সেটি সংশোধন করে আজ নতুন গেজেট প্রকাশ করা হয়েছে। তবে সংশোধনের পরও ‘হ্যাঁ’ ভোটের সংখ্যাই বেশি রয়েছে। প্রধান ফলাফলে কোনো বিচ্যুতি হয়নি।