২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয়। ঢাকা থেকে ৪৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভারতের সিকিমে এর উৎপত্তি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৮। অন্যদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক ফারজানা সুলতানা ভূমিকম্পের মাত্রা ৪.৬ বলে জানিয়েছেন।
বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভুটান ও চীনে এই ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে ইউএসজিএস।
এর আগে বুধবার রাতেও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। রাত ১০টা ৫১ মিনিট ৪৯ সেকেন্ডে অনুভূত ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.১। বাংলাদেশের পার্শ্ববর্তী মিয়ানমারে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৪৬২ কিলোমিটার।