রাজধানীতে ঈদ ঘিরে আয়োজিত ভিন্নধর্মী উৎসবমুখর মেলা ‘ঢাকা ব্যাংক প্রেজেন্টস দ্য চাঁদ বাজার-সিজন ৩’ শেষ হয়েছে। ১৫-১৭ মার্চ আলোকি প্রাঙ্গণে অনুষ্ঠিত এই তিনদিনের আয়োজনটি শুধু কেনাকাটার মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং এটি পরিণত হয় একটি পূর্ণাঙ্গ নাইট লাইফস্টাইল এক্সপেরিয়েন্সে।
রমজানের ইফতার ও সেহরির আয়োজন, ঈদ শপিং ও লাইভ বিনোদনের সমন্বয়ে এই আয়োজন রাজধানীবাসীর জন্য একটি ভিন্নধর্মী ও স্মরণীয় অভিজ্ঞতা হয়ে ওঠে। প্রতিদিন দুপুর থেকে গভীর রাত পর্যন্ত চলা এই আয়োজন নগর জীবনের ব্যস্ততার মধ্যে ঈদের আনন্দকে নতুনভাবে উপস্থাপন করে।
দর্শনার্থীরা এক ছাদের নিচে পেয়েছেন ফ্যাশন, খাবার ও বিনোদনের সমন্বিত অভিজ্ঞতা। বিশেষ করে ইনফ্লুয়েন্সার ও তরুণ প্রজন্মের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যারা এই আয়োজনকে একটি সোশ্যাল হ্যাংআউট স্পেস হিসেবে গ্রহণ করে।
ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ডগুলোর অংশগ্রহণ মেলাকে বৈচিত্র্যময় করে তোলে। একই সঙ্গে ফুড জোনে ইফতার থেকে শুরু করে সেহরি পর্যন্ত নানা ধরনের খাবার দর্শনার্থীদের আকর্ষণ করে রাখে পুরো সময়জুড়ে। মেহেদি জোনসহ বিভিন্ন থিম্যাটিক কর্নার দর্শনার্থীদের জন্য আলাদা অভিজ্ঞতা তৈরি করে।
এই আয়োজনের অন্যতম বিশেষ দিক ছিল লাইভ এন্টারটেইনমেন্ট সেগমেন্ট। প্রতিদিনের কাওয়ালি পরিবেশনা, শায়েরি সেশন ও ফায়ার পারফরম্যান্স দর্শনার্থীদের মাঝে আলাদা মাত্রা যোগ করে, যা একটি সাধারণ ঈদ বাজারকে রূপ দেয় একটি সাংস্কৃতিক মিলনমেলায়।
অন্যদিকে মিডিয়া পার্টনার হিসেবে নাগরিক প্রতিদিন এই আয়োজনকে ডিজিটাল প্ল্যাটফর্মে সক্রিয়ভাবে তুলে ধরে। সার্বিকভাবে, ‘চাঁদ বাজার-সিজন ৩’ প্রমাণ করেছে, আধুনিক নগর জীবনে ঈদ উৎসব এখন শুধু কেনাকাটার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি হয়ে উঠছে একটি অভিজ্ঞতানির্ভর সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন, যেখানে বিনোদন, খাদ্য ও ফ্যাশন একসঙ্গে মিশে যায়।