সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন মো. তারিকুল ইসলাম। মঙ্গলবার (৫ মে) অ্যাটর্নি জেনারেল বরাবর পদত্যাপত্র দেন তিনি।
পদত্যাগপত্রে বলা হয়, তিনি আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সম্পাদক পদে একজন প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। যার কারণে সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করছেন। নির্বাচনি বিধি ও সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ বজায় রাখতেই তিনি সরকারি এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
তিনি তার আবেদনে উল্লেখ করেন, ‘আমি মো. তারিকুল ইসলাম, সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সম্পাদক পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আমি স্বেচ্ছায় এই পদ থেকে পদত্যাগ করলাম।’
তিনি যথাযথ প্রক্রিয়ায় তার এই পদত্যাগপত্রটি গ্রহণের জন্য অ্যাটর্নি জেনারেলের কাছে অনুরোধ জানিয়েছেন। আগামী ১৩ ও ১৪ মে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।