২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গণহত্যার অভিযোগে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় দেওয়া বিচারক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
প্রসিকিউটর তানভীর হাসান জোহা বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৮ মার্চ অজ্ঞাত হ্যাকাররা বিচারপতির ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট দুটির নিয়ন্ত্রণ নেয়। এতে করে ওই অ্যাকাউন্টগুলো ব্যবহার করে ভুয়া তথ্য প্রচার বা প্রতারণামূলক কর্মকাণ্ডের আশঙ্কা তৈরি হয়েছে।
জিডিতে বলা হয়েছে, গত ১৮ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কে বা কারা হ্যাক করেন। এর মাধ্যমে হ্যাকার বিভিন্ন অপকর্ম সাধনের আশঙ্কা রয়েছে। এ ছাড়া এ বিষয়ে ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। আবেদনপত্রের অনুলিপি জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনারের কাছেও প্রেরণ করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ তার মোবাইল ফোনে ত্রুটি দেখা দিলেও তখন তিনি বুঝতে পারেননি যে ফোনটি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। পরবর্তীতে বিষয়টি বুঝতে পারার আগেই তার ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বেদখল হয়ে যায়।
গত ২২ মার্চ মোবাইল ফোনটি ব্যবহার করতে না পারলে তিনি আইসিটি প্রসিকিউটর ও ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহাকে বিষয়টি জানান। পরে জোহা ডিভাইসটি থেকে দূরবর্তী নিয়ন্ত্রণের সফটওয়্যার অপসারণ করেন।
তানভীর হাসান জোহা জানান, বিচারপতি অনবধানতাবশত প্রতারণামূলক লিংকে প্রবেশ করা বা অননুমোদিত অ্যাপ্লিকেশন ডাউনলোড করার কারণে এ ঘটনা ঘটেছে।
তিনি বলেন, আপাতত বিচারপতির মোবাইল ফোনটি সুরক্ষিত করা সম্ভব হলেও ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি।