দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত শিশুমৃত্যুর ঘটনাগুলো ঘটেছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ দেখা গেছে ৭৮৪ শিশুর শরীরে। শনিবার (৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যু হলো ৬৬০ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৩ শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৫৩ শিশু মারা গেছে।
এ ছাড়া, ২৪ ঘণ্টায় ৮৪ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৭০২। এই সময়ে ৬৬০ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫২৮ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ১০ হাজার ৬০১, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩ হাজার ৪১০। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯৩ হাজার ৪৯১ রোগী, তাদের মধ্যে ৮৯ হাজার ৭৬২ জন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।