প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, দেশে চলমান হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনে এ পর্যন্ত ছয়মাস থেকে পাঁচ বছরের কম বয়সী এক কোটি ৬১ লাখ শিশু টিকা পেয়েছে। এর মাধ্যমে নির্ধারিত লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ অর্জিত হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে শতভাগ লক্ষ্যমাত্রা পূরণ হবে।
মঙ্গলবার (৫ মে) সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও অর্জন তুলে ধরতে গিয়ে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, ‘হাম ও এর উপসর্গ নিয়ে শিশুমৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক। আক্রান্ত শিশুরা যখন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পড়ে, তখন তাদের আইসিইউ সাপোর্ট দেওয়া কঠিন হয়ে যায়। তবে সরকার এই সংকট মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।’
তিনি আরও জানান, শিশুদের এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু প্রতিরোধে টিকাদান কর্মসূচিকে আরও বেগবান করা হয়েছে। টিকা কার্যক্রমে সহায়তার জন্য ইউনিসেফ ও গ্যাভির পক্ষ থেকে আরও ২২ লাখ মিক্সিং সিরিঞ্জ দেশে পৌঁছেছে। এ ছাড়া যক্ষ্মা শনাক্তকরণে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ছয় লাখ জিনএক্সপার্ট কার্টিজ ও ১১ হাজার শিশুর জন্য যক্ষ্মা প্রতিরোধী ওষুধ অনুদান হিসেবে পাওয়া গেছে।
এর বাইরে বর্ষা মৌসুমে ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য দপ্তরগুলো প্রস্তুতি শুরু করেছে বলেও জানান তিনি। এ সময় ব্রিফিংয়ে স্বাস্থ্যখাতের পাশাপাশি অন্যান্য মন্ত্রণালয়ের অগ্রগতির বিষয়ে উপদেষ্টা বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি।