দেশে রোববার (২৬ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে কেবল ঢাকা বিভাগেই মৃত্যু হয়েছে পাঁচ শিশুর। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ৫৬৪ শিশু। এদিন বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও এক শিশুর।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ২১৬ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৪৩ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ২৫৯ শিশু মারা গেছে।
এ ছাড়া ২৪ ঘণ্টায় ১৪ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৪২১। এই সময়ে ৯৫৯ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৭৪ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৩২ হাজার ২৮, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা চার হাজার ৬০৩। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২১ হাজার ৪৩৪ রোগী, যাদের মধ্যে ১৭ হাজার ৯৫৫ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।