৭-১! উপমহাদেশীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই স্কোরলাইন অনেক আগেই পরিচিত হয়েছে ‘সেভেন আপ’ নামে। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলকে এই ব্যবধানে হারিয়ে ইতিহাস তৈরি করেছিল জার্মানি। সেই জার্মানিরাই এবার আবারও একই ধরনের দাপট দেখাল।
রোববার দিবাগত রাতে হিউস্টনে বিশ্বকাপের ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানি। এই জয়ের মাধ্যমে তারা শুধু ম্যাচই জেতেনি, ভেঙে দিয়েছে ব্রাজিলের একটি বড় বিশ্বরেকর্ডও।
ম্যাচে জোড়া গোল করেন আর্সেনাল তারকা কাই হাভার্টজ। তার দ্বিতীয় গোলের মাধ্যমেই বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজেদের করে নেয় জার্মানি। এখন বিশ্বকাপ ইতিহাসে তাদের গোলসংখ্যা ২৩৯, যেখানে ব্রাজিল ২৩৮ গোল নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে। এরপর আছে আর্জেন্টিনা (১৫২), ফ্রান্স (১৩৬) এবং ইতালি (১২৮)।
আরও একটি চমকপ্রদ তথ্য হলো, জার্মানি একমাত্র দেশ যারা বিশ্বকাপে চারবার সাত বা তার বেশি গোল করার কীর্তি গড়েছে। এর মধ্যে সবচেয়ে স্মরণীয় ছিল ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে সেই ৭-১ জয়।
জুলিয়ান নাগেলসমানের অধীনে এবার একেবারেই ভিন্ন চেহারায় দেখা যাচ্ছে জার্মানিকে। কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর এবার তরুণ কোচের নেতৃত্বে দলটি ফিরেছে শক্তিশালী রূপে।
অন্যদিকে কুরাসাও প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েছে। ম্যাচের ২১ মিনিটে লিভানো কোমেনেশিয়ার গোলে তারা সমতা ফিরিয়েছিল, তবে এরপর হাভার্টজ ও জার্মানির আক্রমণভাগ আর কোনো সুযোগই দেয়নি।