ইউটিউবার, অভিনেতা ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরকে একুশে পদক দেওয়ার আবেদন জানিয়েছেন সঞ্চালক ও রাজনৈতিক বিশ্লেষক ডা. আব্দুন নূর তুষার। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজের সোশ্যাল হ্যান্ডেলে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের প্রতি এই আবেদন ও অনুরোধ জানান তিনি।
ফেসবুকে দেওয়া একটি পোস্টকে সিরিয়াস পোস্ট উল্লেখ করে আব্দুন নূর তুষার বলেন, সালমান মুক্তাদিরকে একুশে পদক দিতে বিশেষ আবেদন ও অনুরোধ করছি। এটা একটা সিরিয়াস পোস্ট। সে প্রথম ইংলিশ অক্ষরে বাংলা বই লিখেছিল বলে শুনেছি।
এবারের একুশে পদক নিয়ে স্যোশাল মিডিয়ায় চলছে নানা আলোচনা, সমালোচনা। সাহিত্যে এবার একুশে পদক দেওয়া হয়নি। এ নিয়ে কম কথা হয়নি। এসব বিতর্কই আরেকটু বাতাস পেল ডা. তুষারের নতুন এই আবেদনে।
সালমান মুক্তাদির সামাজিক মাধ্যমে নানা বিষয় নিয়ে সোচ্চার হলেও নিজের ফেসবুক হ্যান্ডেলে বাংলা অক্ষরে তিনি লিখতে পারেন না। বাংলা বাক্য লিখেন ইংরেজি হরফ ব্যবহার করে। এ নিয়ে সামাজিক মাধ্যমে নানা সময়েই তিনি কটাক্ষের মুখে পড়েন। এবার আব্দুন নূর তুষার ঠিক এই বিষয়টি নিয়েই তাকে কেন্দ্র করে ফেসবুকে লিখলেন।
এদিকে কিংবদন্তি গায়ক, গিটারিস্ট ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চু এবং চলচ্চিত্র অভিনেত্রী, প্রযোজক ববিতাসহ নয় জন ও একটি ব্যান্ড এবার দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক পাচ্ছেন।