থাইল্যান্ডে দুর্ঘটনায় আহত হয়েছেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। একই ঘটনায় আহত হয়েছেন চিত্রগ্রাহক মেহেদী রনি। বর্তমানে দুজনই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, থাইল্যান্ডের কোলান দ্বীপে পাহাড়ের ওপর নাটকের একটি দৃশ্য ধারণের কাজ শেষ করে নিচে নামার সময় তারা দুর্ঘটনার কবলে পড়েন। সে সময় স্কুটি চালাচ্ছিলেন চিত্রগ্রাহক মেহেদী রনি। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিটি পড়ে গেলে দুজনই আহত হন।
খায়রুল বাসার জানান, শুটিংয়ের কাজ স্বাভাবিকভাবেই চলছিল এবং পাহাড়ের ওপরের দৃশ্য ধারণও সফলভাবে শেষ হয়েছিল। তবে ফেরার পথে মুহূর্তের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে। তাদের শুটিং ইউনিট কিছুটা দূরে থাকলেও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে।
দুর্ঘটনার পর খায়রুল বাসারের বুকে ও হাঁটুতে আঘাত লাগে। তিনি জানান, হাঁটাচলা করতে কষ্ট হচ্ছে। পরে তারা চিকিৎসার জন্য পাতায়ার একটি হাসপাতালে যান। শারীরিক অবস্থার কারণে নির্ধারিত শুটিং সূচিও আপাতত স্থগিত করা হয়েছে।
অন্যদিকে, চিত্রগ্রাহক মেহেদী রনির শরীরের বিভিন্ন স্থানে চামড়া ছিলে গেছে এবং তিনিও আঘাত পেয়েছেন। দুজনেরই এক্স-রে করা হবে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসা ও বিশ্রামের সিদ্ধান্ত নেওয়া হবে। খায়রুল বাসার বলেন, সামনের কয়েক দিন তার পক্ষে শুটিংয়ে অংশ নেওয়া সম্ভব হবে না।