ভারতীয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নিকিতা রাওয়াল এক অনুষ্ঠানে এক ভক্তের অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার হয়েছেন। সেলফি তোলার সময় ওই নারী ভক্ত অভিনেত্রীকে জোর করে চুমু দেওয়ার চেষ্টা করেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
শনিবার (৮ আগস্ট) একটি অনুষ্ঠানের রেড কার্পেটে ছবি তোলার সময় ঘটনাটি ঘটে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক নারী ভক্তের সঙ্গে সেলফি তোলার জন্য দাঁড়িয়েছিলেন নিকিতা। এ সময় ওই ভক্ত প্রথমে অভিনেত্রীর গালে চুমু দেন।
এরপর হঠাৎ নিকিতাকে নিজের দিকে টেনে নিয়ে ঠোঁটে চুমু দেওয়ার চেষ্টা করেন ওই নারী। এতে অভিনেত্রী হতভম্ব হয়ে যান এবং নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। ভিডিওতে তাকে স্পষ্টতই অস্বস্তিতে পড়তে দেখা যায়।
এরপরও ওই ভক্ত নিকিতাকে ধরে আবার গালে চুমু দেওয়ার চেষ্টা করেন। পুরো ঘটনাটি উপস্থিত পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের অনেকেই ওই ভক্তের আচরণের সমালোচনা করেছেন। অনেকে নিকিতার প্রতি সহমর্মিতা জানিয়ে ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত আচরণ হিসেবে উল্লেখ করেছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত অভিনেত্রীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ‘গরম মশলা’ ও ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন নিকিতা রাওয়াল। অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবেও পরিচিতি রয়েছে তার।