ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন উপস্থাপিকা ও অভিনেত্রী মৌসুমী মৌ। এ দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচেছেন তিনি। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
মৌসুমী জানান, একটি অনুষ্ঠানের কাজ শেষ করে ফেরার পথে তাদের গাড়িকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে তিনি গাড়ির বাম দিক থেকে ডান দিকে ছিটকে পড়েন এবং মাথা, বুক, হাত ও পায়ে আঘাত পান। তবে সৌভাগ্যবশত বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।
তিনি আরও জানান, তাদের গাড়ির ঠিক পেছনে মোটরসাইকেলে ছিলেন তার মেকআপ আর্টিস্ট মুমিন। তার ভাষ্য, কয়েক সেকেন্ডের হেরফের হলে দুর্ঘটনাটি আরও ভয়াবহ হতে পারত। এমনকি গাড়ির দরজার দিকে ধাক্কা লাগলে তিনি হয়তো বেঁচেও থাকতেন না।
ফেসবুক মৌসুমী অভিযোগ করেন, পিকআপচালকের আচরণ ছিল বেপরোয়া এবং তার গাড়ির ব্রেকও ঠিক ছিল না। চালককে দেখে তার মনে হয়েছে তিনি কোনো কিছু সেবন করে গাড়ি চালাচ্ছিলেন। তবে পরে গাড়ির মালিক এসে জানান, ওই চালকের সেদিন গাড়ি চালানোর কথা ছিল না।
এ ঘটনায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনেত্রী বলেন, ‘বেঁচে আছি, ভালো আছি—এটাই সবচেয়ে বড় কথা।’