বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা নতুন একটি সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বলে একাধিক ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নাচ ও অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় পড়ে গিয়ে তার হিপের টেনডন সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনাটি তার আসন্ন সিনেমা ‘রানাবালি’ অথবা ‘মাইসা’র সেটে ঘটেছে বলে জানা গেছে। এরপরই বন্ধ করে দেওয়া হয় শুটিং। পাশাপাশি দ্রুত নিকটস্থ একটি হাসপাতালে নেওয়া হয় রাশমিকাকে।
চিকিৎসকদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই ধরনের আঘাত থেকে সুস্থ হতে কয়েক সপ্তাহ সময় লাগবে। অভিনেতাদের ক্ষেত্রে এমন গুরুতর টেনডন ইনজুরি খুবই বিরল বলেও মন্তব্য করেন চিকিৎসকেরা। তাদের ভাষ্য, এ ধরনের আঘাত সাধারণত দীর্ঘদিন ধরে কঠোর প্রশিক্ষণ নেওয়া পেশাদার ক্রীড়াবিদদের মধ্যেই বেশি দেখা যায়।
এরইমধ্যে রাশমিকার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। চিকিৎসকেরা তাকে ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এরপর ধাপে ধাপে সুস্থ হওয়ার পর শুটিংয়ে ফেরার অনুমতি দেওয়া হবে।
এ ঘটনায় আপাতত তার শুটিংসহ বিভিন্ন বাণিজ্যিক কাজ স্থগিত রাখা হয়েছে। তবে এ বিষয়ে রাশমিকা মান্দানা বা তার টিমের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
হাতে একাধিক বড় বাজেটের সিনেমা
বর্তমানে রাশমিকা মান্দানা একাধিক ব্র্যান্ডের প্রচারণামূলক কাজের পাশাপাশি কয়েকটি বড় বাজেটের সিনেমায় অভিনয় করছেন। এর মধ্যে রয়েছে ‘রানাবালি’ ও ‘মাইসা’।
অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বিয়ের পর তিনি ‘মাইসা’ সিনেমার শুটিংয়ে ফেরেন। নবাগত পরিচালক রাওয়িন্দ্রা পুল্লে পরিচালিত এবং আনফর্মুলা ফিল্মস প্রযোজিত সিনেমাটি গোন্ড আদিবাসী সম্প্রদায়ের সাংস্কৃতিক প্রেক্ষাপটে নির্মিত একটি অ্যাকশন থ্রিলার। এতে একজন গোন্ড নারীর চরিত্রে অভিনয় করছেন রাশমিকা, যা তার ক্যারিয়ারের অন্যতম ব্যতিক্রমী চরিত্র হিসেবে বিবেচিত হচ্ছে।
অন্যদিকে, পরিচালক রাহুল সাংকৃত্যায়ান পরিচালিত ‘রানাবালি’ ব্রিটিশ শাসনামলকে পটভূমি করে নির্মিত একটি তেলেগু পিরিয়ড ড্রামা। ভারতের ইতিহাসের তুলনামূলক কম আলোচিত কিছু অধ্যায় থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই কাল্পনিক কাহিনিভিত্তিক সিনেমাটি আগামী ১১ সেপ্টেম্বর মুক্তির কথা রয়েছে।
এই সিনেমায়ও প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। এটি তাদের একসঙ্গে তৃতীয় সিনেমা।