ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে কমেডিয়ান ও ইন্ডিয়াস গট ল্যাটেন্ট অনুষ্ঠানের সঞ্চালক সময় রায়নাসহ চারজনের ওপর ৩ লাখ রুপি জরিমানা আরোপ করা হয়েছে। দুই সপ্তাহের মধ্যে আদালতের নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে হলফনামা দাখিলের নির্দেশও দিয়েছেন আদালত। নির্ধারিত সময়ের মধ্যে তা না করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
মঙ্গলবার ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। বার্তা সংস্থা এএনআই-এর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
আদালত জানান, সময় রায়না আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন এবং আদালতের নির্দেশ প্রকাশ্যে লঙ্ঘন করেছেন। তিনি দাবি করেছিলেন, নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে হলফনামা জমা দেওয়া হয়েছে। কিন্তু আদালতের নথিতে এমন কোনো হলফনামা পাওয়া যায়নি।
প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের বিশ্বাস করার কোনো কারণ নেই যে সময় রায়না আদালতকে গুরুত্ব দিয়েছেন। বরং তিনি আদালতকে বিভ্রান্ত করেছেন এবং প্রকাশ্যে আদালতের আদেশ অমান্য করেছেন। এমনকি হলফনামা দাখিলের দাবি করলেও রেকর্ডে তার কোনো অস্তিত্ব নেই। তাই দুই সপ্তাহের মধ্যে ৩ লাখ রুপি জরিমানা জমা দিতে হবে।’
স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি (এসএমএ) রোগের ব্যয়বহুল চিকিৎসা নিয়ে রায়নার আপত্তিকর মন্তব্য এবং তার অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে কিউর এসএমএ ইন্ডিয়া ফাউন্ডেশন সুপ্রিম কোর্টে আবেদন করে।
শুনানিতে আদালতকে জানানো হয়, আদালতে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সময় রায়না তার অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের আমন্ত্রণ জানাননি। এমনকি এসএমএ ফাউন্ডেশন বা রোগীদের সঙ্গেও কোনো যোগাযোগ করেননি।
এসএমএ ফাউন্ডেশনের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী অপরাজিতা সিং বলেন, ‘তিনি কীভাবে তরুণদের আদর্শ হতে পারেন, তা আমি বুঝতে পারি না। বিষয়টি ভেবে আমি শিউরে উঠি।’
এর জবাবে ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ‘আমাদের তরুণদের আরও ভালো আদর্শ রয়েছে।’
শুনানিতে তুষার মেহতা সময় রায়নার নতুন অনুষ্ঠান ইন্ডিয়াস গট ল্যাটেন্ট–এর দ্বিতীয় মৌসুমের উদ্বোধনে ‘নিম্বু-মরিচ’ ঝুলিয়ে অনুষ্ঠান শুরু করার বিষয়টিও আদালতের নজরে আনেন। তার দাবি, রায়না কারও নাম উল্লেখ না করলেও ইঙ্গিতটি স্পষ্ট ছিল।
এছাড়া রায়নার হলফনামায় ‘ডিজ্যাবলড পারসন্স’ শব্দ ব্যবহার নিয়েও আপত্তি জানান সলিসিটর জেনারেল। তার মতে, এর পরিবর্তে ‘স্পেশালি অ্যাবল্ড পারসন্স’ শব্দ ব্যবহার করা উচিত।
এ সময় প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘জনজীবনে আপনি যত বেশি অন্যকে সম্মান করবেন, তত বেশি সম্মান অর্জন করবেন। মানুষকে অপমান করা উচিত নয়।’
সময় রায়নার আচরণের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘তারা মনে করেন দেশের বাইরে বসে থাকলে আদালতের এখতিয়ারের বাইরে চলে যান। এখন তাদের ভুগতে দিন। যদি এটাকে ঔদ্ধত্য না বলা হয়, তাহলে অক্সফোর্ড অভিধানের সংজ্ঞাই বদলাতে হবে।’
প্রাথমিকভাবে আদালত প্রত্যেকের ওপর ১০ লাখ রুপি জরিমানা আরোপের কথা বিবেচনা করলেও পরে তা কমিয়ে ৩ লাখ রুপি নির্ধারণ করেন।