বাংলাদেশের সংগীতাঙ্গনে একসময়ের ব্যস্ত সুরকার ও সংগীত পরিচালক আরমান খান আবারও নতুন উদ্যমে ফিরছেন । বিশ্বকাপ ফুটবল উপলক্ষে তৈরি করেছেন নতুন গান ‘ফুটবল ফুটবল’, যা প্রকাশিত হবে আগামী ১০ জুন।
গানটিতে কণ্ঠ দিয়েছেন বিজয় ব্যান্ডের প্রধান ভোকাল বিজয় মামুন। গানটির কথা ও সুর করেছেন আরমান খান। এরই মধ্যে শেষ হয়েছে গানের ভিডিও নির্মাণের কাজ।
‘ফুটবল ফুটবল’ গানটি নিয়ে আরমান খান বলেন, ‘বিশ্বকাপ ফুটবল পৃথিবীর সব ফুটবলপ্রেমীর জন্য অন্য রকম এক আনন্দের উপলক্ষ। ফুটবলপ্রেমীদের মনে রং ছড়িয়ে দিতেই এ আয়োজন।’
গানটির শিল্পী বিজয় মামুনও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এবারই প্রথম আরমান ভাইয়ের সঙ্গে কাজ করলাম। তার কথা ও সুরে অনেক জনপ্রিয় গান রয়েছে। আমাদের ব্যান্ড সংগীতের অগ্রজ শিল্পী জেমস, আইয়ুব বাচ্চু, হাসান ও বিপ্লব ভাইদের কণ্ঠে তার লেখা ও সুরের গান শুনে বড় হয়েছি। আমারও স্বপ্ন ছিল তার লেখা ও সুরের গান গাওয়ার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো।’
বিশ্বকাপ ফুটবলের আবহে তৈরি ‘ফুটবল ফুটবল’ গানটির পৃষ্ঠপোষক ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। সংগীতার ব্যানারে প্রকাশিত হতে যাওয়া গানটি নিয়ে ইতিমধ্যেই ফুটবলপ্রেমী ও সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।
নব্বইয়ের দশকের শেষভাগ এবং দুই হাজার দশকের শুরুতে বাংলা ব্যান্ড ও আধুনিক গানের জগতে দ্রুত পরিচিত হয়ে ওঠেন আরমান খান। প্রমিথিউস ব্যান্ডের বিপ্লবের কণ্ঠে ‘চান্দের বাতির কসম দিয়া’, আর্ক ব্যান্ডের হাসানের গাওয়া ‘শীত নয় গ্রীষ্ম নয় এসেছে বসন্ত’ ও ‘লাল বন্ধু নীল বন্ধু’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গানের সুর ও সংগীতায়োজন তাঁর। ২০০২ থেকে ২০০৫ সালের মধ্যে মাত্র তিন বছরে তিনি প্রায় ২৩টি অডিও অ্যালবামের কাজ সম্পন্ন করেন। সে সময় দেশের প্রায় সব জনপ্রিয় শিল্পীর সঙ্গেই কাজ করেছেন তিনি।