দীর্ঘ এক দশক পর আবারও পরিচালনায় ফিরলেন চিত্রনায়িকা মৌসুমী। তার পরিচালিত এই নতুন সিনেমার নাম ‘বিচ্ছেদ বেদনা’। জানা গেছে, মনস্তাত্ত্বিক গল্পনির্ভর সিনেমাটি করোনাকালীন নির্মাণ করেন মৌসুমী। এতে তার সহশিল্পী ফেরদৌস আহমেদ ও আবদুন নূর সজল। প্রিয়জন কথাচিত্রের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন সিনিয়র সাংবাদিক আবদুর রহমান। বর্তমানে সিনেমাটির মুক্তির প্রস্তুতি চলছে।
বর্তমানে মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এই সিনেমা প্রসঙ্গে চিত্রনায়ক ওমর সানী বলেন, ‘ছবিটির কাজ বেশ কয়েক বছর আগেই শুরু হয়েছিল। প্রযোজক আবদুর রহমানের নাম দেখেই বিষয়টি মনে পড়ে। মৌসুমীর সঙ্গে কথা বলে জেনেছি, তখন ছবির অধিকাংশ কাজ সম্পন্ন হয়েছিল। পরবর্তী সময়ে বাকি অংশের কাজ শেষ করে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। এটি মৌসুমীর পরিচালিত একটি ব্যতিক্রমধর্মী সিনেমা।’
সবশেষ ২০১৬ সালে মৌসুমীর পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘শূন্য হৃদয়’। এরপর ‘বিচ্ছেদ বেদনা’র মাধ্যমে আবারও নির্মাতা হিসেবে ফিরলেন তিনি। অভিনয় ও পরিচালনার পাশাপাশি তিনি প্রযোজনাতেও যুক্ত রয়েছেন।
১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘গরিবের রানী’ সিনেমার মাধ্যমে প্রযোজকের খাতায় নাম লেখান এই অভিনেত্রী। সবশেষ তিনি ‘আবার আমি এতিম হতে চাই’ নামে একটি চলচ্চিত্র প্রযোজনা করেন।