আইনি লড়াইয়ে বড়সড় স্বস্তি পেলেন বলিউড পরিচালক আদিত্য ধর। তার পরিচালিত বহুল চর্চিত ছবি ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’-এর ওটিটি মুক্তির ওপর স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে মুম্বাইয়ের একটি দেওয়ানি আদালত। এই ছবির চিত্রনাট্য নকল করা হয়েছে বলে অভিযোগ তুলে লেখক সন্তোষ কুমার আরএস গত মার্চ মাসে ছবিটির ডিজিটাল মুক্তির বিরুদ্ধে একটি অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন জানিয়েছিলেন। লেখকের অভিযোগ ছিল, পরিচালক আদিত্য ধর তার মূল চিত্রনাট্য থেকে বিভিন্ন উপাদান ব্যবহার করেছেন। তবে আদালত সেই আবেদন পুরোপুরি প্রত্যাখ্যান করে নির্ধারিত সময় অনুযায়ী ৫ জুন ছবিটির ওটিটি মুক্তির অনুমতি দিয়েছে।
এর আগে গত ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এই ছবিটি। আদালতে পরিচালক আদিত্য ধরের পক্ষে সওয়াল করেন আইনজীবী পরাগ খান্ধার এবং চন্দ্রমা মিত্র। পরিচালকের আইনি দলের পক্ষ থেকে জানানো হয়, ‘ধুরন্ধর ২’-এর ওটিটি মুক্তির ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চেয়ে সন্তোষ কুমারের আবেদনটি আদালত প্রাথমিকভাবেই খারিজ করে দিয়েছে। কারণ, সন্তোষ কুমার তার ‘ডি-সাহেব’ নামক চিত্রনাট্যের সঙ্গে ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’ ছবিটির চিত্রনাট্য ও সংলাপের কোনো মিল বা সাদৃশ্য প্রমাণ করতে পারেননি।
এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি ‘ধুরন্ধর’ ২০২৫ সালের ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এবং সেটি বিশ্বব্যাপী রেকর্ড ১৩০৭ কোটি টাকা সংগ্রহ করে। এরপর চলতি বছরের ১৯ মার্চ মুক্তি পায় এর সিক্যুয়েল বা দ্বিতীয় পর্ব ‘ধুরন্ধর ২’। প্রথম পর্বের সাফল্যের ধারা বজায় রেখে সিক্যুয়েলটি বক্স অফিসে আরও ধামাকা তৈরি করে এবং ইতিমধ্যেই ১৭৯০ কোটি টাকারও বেশি আয় করেছে। ছবি দুটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং, অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, আর মাধবন, সারা অর্জুন, রাকেশ বেদি, গৌরব গেরা এবং দানিশ পান্ডোর।
১,৭০০ কোটিরও বেশি গণ্ডি পার করা এই ব্লকবাস্টার ছবি দুটির মূল গল্প আবর্তিত হয়েছে জাসকিরাত সিং রাঙ্গি ওরফে হামজা আলী মাজারি নামের এক চরিত্রকে কেন্দ্র করে। গল্পে দেখা যায়, একটি বিপজ্জনক সন্ত্রাসবাদী দলকে দমন করার গুরুদায়িত্ব দিয়ে তাকে পাকিস্তানের লিয়ারিতে পাঠানো হয়। এই মিশন সফল করার জন্য সে চতুরতার সঙ্গে একটি বেলুচ দলে অনুপ্রবেশ করে। লিয়ারির সমাজের সঙ্গে পুরোপুরি মিশে যেতে সেখানকার এক প্রভাবশালী রাজনীতিবিদের মেয়েকে বিয়েও করে সে। এই টানটান উত্তেজনার গল্পই এবার আইনি বাধা কাটিয়ে ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে।