পোস্টার, অ্যানিমেটেড টিজার ও অফিসিয়াল টিজারের পর এবার এলো ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘রকস্টার’ সিনেমার প্রথম গান। ‘পিরিতি’ শিরোনামে মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা সাতটার দিকে মুক্তি পায় গানটি। পুরো গানটি চিত্রায়িত হয়েছে জেলখানায়, যেখানে বিধ্বস্ত অবস্থায় দেখা গেল শাকিব খানকে।
গানটিতে শাকিব খানকে দেখা গেছে বিধ্বস্ত অবস্থায়। তবে তিনি কেনই–বা জেলে গেলেন, সেটার আভাস দেওয়া হয়নি।
‘পিরিতি’ গানটি লিখেছেন হাসান রোবায়েত, আর সুর করেছেন আহমেদ হাসান সানি এবং সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। গানটি গাওয়ার সঙ্গে পর্দায়ও বেশিরভাগ সময় দেখা গেছে পান্থ কানাইকে।
আজমান রুশোর গল্পে নির্মিত ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানকে একজন পেশাদার সংগীতশিল্পীর চরিত্রে দেখা যাবে। এছাড়া একজন সংগীতশিল্পীর জীবনসংগ্রাম, উত্থান–পতন ও বাস্তব অভিজ্ঞতার নানা দিক তুলে ধরা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আজমান রুশো জানান, নির্মাণে আসার আগে তিনি নিজেও সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন। নিজের জীবন ও বাস্তব জীবনের রকস্টারদের নানা অভিজ্ঞতার মিশেলে তিনি এই গল্প তৈরি করেছেন।