নিজের গাওয়া নতুন গান ও ভিন্নধর্মী উপস্থাপনায় আবারও আলোচনায় গায়ক ও সংগীত পরিচালক প্রীতম হাসান। সম্প্রতি প্রীতমের মুক্তিপ্রাপ্ত গান ‘সেকেন্ড নায়ক’ নিয়ে দের্শক শ্রোতার কাছে প্রশংসিত হচ্ছেন।
ভিডিওচিত্রে এক নতুন সিনেমাটিক ইউনিভার্স তৈরির আভাস দিয়েছেন প্রীতম। গানটির কথা ও গল্পে তার সঙ্গে যৌথভাবে কাজ করেছেন নুহাশ। এই সহযোগিতার কারণে গানটি শুধু একটি প্রেমের গল্পে সীমাবদ্ধ থাকেনি; বরং তা হয়ে উঠেছে এক বহুমাত্রিক ক্যানভাস। মিউজিক ভিডিওর গল্পের কেন্দ্রে রয়েছে এক ‘অদৃশ্য প্রেমিক’।
মিউজিক ভিডিওটির দৃশ্যায়নে মিশে আছে বাংলা সিনেমার বিভিন্ন যুগের প্রতি শ্রদ্ধা। মহানায়ক উত্তম কুমারের সিনেমার দৃশ্য থেকে শুরু করে আধুনিক সময়ের গ্রামীণ পটভ‚মি–সবই এখানে রূপায়িত হয়েছে। ভিডিওতে প্রীতমকে দেখা গেছে একাধিক চরিত্রে। কখনও সিএনজি চালক, মাঝি, ট্রাকচালক, এমনকি পাইলট হিসেবেও। প্রতিটি চরিত্র যেন একেকটি অসম্পূর্ণ গল্পের টুকরো, যা শেষে এসে একই অনুভ‚তিতে মিলিত হয়।
ভিডিওর শেষাংশে রাখা হয়েছে একটি চমক, যা পুরো প্রকল্পে আরও বড় কিছুর ইঙ্গিত দেয়। একটি নোটের মাধ্যমে ‘খোকা ২.০’-এর ঘোষণা দেন প্রীতম, যা তার পুরোনো জনপ্রিয় গানের সিকুয়েল হিসেবে বিবেচিত হচ্ছে।
এই ঘোষণার মধ্য দিয়ে ধারণা করা হচ্ছে, তিনি হয়তো ধারাবাহিক গল্পভিত্তিক একাধিক মিউজিক ভিডিও নিয়ে একটি সংযুক্ত জগৎ তৈরি করতে যাচ্ছেন, যা বাংলা সংগীতে তুলনামূলকভাবে নতুন একটি ধারণা।