অভিনেতা জিয়াউল হক পলাশ অভিনয়ে জনপ্রিয়তা পাওয়ার পর আসল পরিচয় হারিয়ে যেতে বসেছে। তিনি দর্শকের কাছে ‘কবিলা’ নামেই বেশী পরিচিত। আর এই কাবিলা নামটি তার সঙ্গে যুক্ত হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকটিতে অভিনয় শুরুর পর থেকেই।
কিন্তু অভিনেতা হিসেবে জনপ্রিয় হওয়ার আগে তিনি আসলে একজন নির্মাতা হতে চাইতেন। দীর্ঘদিনের সেই লালিত স্বপ্ন এবার বাস্তবায়নের দিকে যাচ্ছেন।
আর সিনেমার মাধ্যমেই সেই স্বপ্নপুরণ করবেন পলাশ। এরইমধ্যে সিনেমার দুটি গল্প প্রস্তুত করেছেন। তবে সিনেমা নির্মাণের আগে তিনি একটি ফিকশন, একটি ওয়েব ফিল্ম ও একটি ওয়েব সিরিজ পরিচালনা করবেন।
এদিকে পলাশের সমাজসেবামূলক কর্মকাণ্ড সম্প্রতি আলোচনায় এসেছে। তার প্রতিষ্ঠিত ‘ডাকবাক্স ফাউন্ডেশন’-এর মাধ্যমে চট্টগ্রামে নির্মিত হচ্ছে ব্রেস্ট ফিডিং সেন্টার ‘যতন’। পডকাস্টে তিনি তার এই মানবিক প্রজেক্টের বিস্তারিত তুলে ধরেছেন।