রেকর্ড সৃষ্টিকারী পারিবারিক ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এর যাত্রা শেষ হচ্ছে ৫২তম পর্বে। আগামী ৮ মে বিকেল ৩টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্আরকাশ হবে নাটকটির শেষ পর্ব। তবে সাধারণভাবে নয়, দর্শকদের জন্য উপহার হিসেবে শেষ পর্বের দৈর্ঘ্য থাকছে ৯২ মিনিট।
সাধারণত ‘এটা আমাদেরই গল্প’র প্রতিটি পর্বের দৈর্ঘ্য হয়ে থাকে ২৫-২৮ মিনিট। শেষ পর্ব ৯২ মিনিট করা প্রসঙ্গে সিরিজটির রচয়িতা ও পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, “আমার স্বপ্নের একটি কাজ ছিল ‘এটা আমাদেরই গল্প’। আমার ভালো লাগছে যে, এটি যথাযথভাবে বাস্তবায়ন করতে পেরেছি। দর্শকেরা আমাদের এই সিরিজ সংশ্লিষ্ট সবাইকে অভূতপূর্ব ভালোবাসা দিয়েছেন, এজন্য তাদের ধন্যবাদ। ‘এটা আমাদেরই গল্প’র দর্শকদের জন্য উপহার হিসেবে শেষ পর্ব বিশেষভাবে সাজিয়েছি। তাই এর দৈর্ঘ্য সাধারণ পর্বের চেয়ে চার গুণ বেশি হচ্ছে। সবাইকে দেখার আমন্ত্রণ রইলো।”
২০২৫ সালের ৫ নভেম্বর থেকে সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’। সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাচ্ছে এর প্রতিটি পর্ব।
শুরু থেকেই দর্শকদের অভূতপূর্ব সাড়া পেয়েছে পারিবারিক গল্প নিয়ে নির্মিত এই সিরিজ। এর জমজমাট প্রতি পর্বে কী ঘটে, সেসব দৃশ্য ব্যাপক আগ্রহ ভরে দেখেছেন দেশ-বিদেশের দর্শকরা। একদিনেই কোটি ভিউ পাওয়ার মতো নতুন নতুন রেকর্ড জন্ম দিয়েছে ‘এটা আমাদেরই গল্প’। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে দর্শকদের কাছ থেকে এসেছে হাজার হাজার ইতিবাচক মন্তব্য।
পাকিস্তানি সিরিয়াল ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের পারিবারিক সংস্কৃতিকে উপজীব্য করে ‘এটা আমাদেরই গল্প’ বানিয়েছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। গল্পে নতুনত্ব, দর্শকদের আবেগের সঙ্গে সম্পৃক্ততা, ব্যতিক্রম নির্মাণশৈলী ও প্রাণবন্ত অভিনয়ের সম্মিলনে অভাবনীয় সাফল্য পেয়েছে এই সিরিজ। গল্পে ফুটে ওঠা পারিবারিক বন্ধন ও আবেগের জটিলতা অনেকের মন ছুঁয়ে গেছে।
সিনেমাওয়ালার ব্যানারে নির্মিত ‘এটা আমাদেরই গল্প’ নাটকের মূল চার চরিত্র ফাহাদ, সামির, মেহরীন ও সায়রা আর তাদের পরিবারকে কেন্দ্র করে কাহিনি এগিয়েছে। ফাহাদ চরিত্রে ইরফান সাজ্জাদ ও সামির চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। গল্পে তারা আপন দুই ভাই। ফাহাদের প্রাক্তন প্রেমিকাকে বিয়ে করে সামির। মেয়েটির নাম মেহরীন। এ চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল। ফাহাদের স্ত্রী সায়রা চরিত্রে আছেন সুনেরাহ বিনতে কামাল।
সিরিজে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজু, মুকিত জাকারিয়া, ডিকন নূর, ইসরাত অতিথি, অদিতি জামান স্নেহা। নাটকটির চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির। এ নাটকের টাইটেল গান গেয়েছেন আরফিন রুমি ও দোলা রহমান। এটি লিখেছেন মাহমুদ মানজুর। সুর ও সংগীতায়োজন করেছেন আরফিন রুমি।