পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাচ্ছেন বাংলাদেশের চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা চম্পা। তবে তিনি একা যাচ্ছেন না, তার সঙ্গে পরিবারের সদস্যরাও থাকবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
হজে যাওয়া প্রসঙ্গে চম্পা বলেন, ‘ আমার বড় দুই বোন ববিতা আপা ও সুচন্দা আপা এরইমধ্যে হজ করেছেন। এবার আমার সুযোগ এসেছে। আল্লাহ যদি আমার কপালে রাখেন হজ করব এই বছর। ’
১৯৮৫ সালে শিবলী সাদিক পরিচালিত ‘তিন কন্যা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় চিত্রনায়িকা হিসেবে অভিষেক ঘটে চম্পার।
এরপর ধীরে ধীরে দেশের চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেন চম্পা। একের পর এক সফল সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি অভিনয় ক্যারিয়ার দীর্ঘ করেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো তিন কন্যা, ভেজা চোখ, কাসেম মালার প্রেম, পদ্মা মেঘনা যমুনা, টপ রংবাজ, শঙ্খনীল কারাগার, পদ্মা নদীর মাঝি, প্রেম দিওয়ানা, ত্যাগ, ডিসকো ড্যান্সার, দেশপ্রেমিক, অন্য জীবন, টার্গেট, খলনায়ক, লাল দরজা, চন্দ্রকথা, শাস্তি, চন্দ্রগ্রহণ, মনের মানুষ।
চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।