রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমাটি এবার দেখবে সারা দেশ। ২৪ এপ্রিল থেকে সারা দেশের সিঙ্গেল স্ক্রিনগুলোতে মুক্তি পাচ্ছে ’দম’। ঈদুল ফিতরে দেশের সবগুলো মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়ে বাজিমাত করে সিনেমাটি। এবার দেশের বড় ও নামকরা সব সিঙ্গেল স্ক্রিনের দর্শকদের মাত করার পালা। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নিশ্চিত করেছে , ২৪ এপ্রিল থেকে ৫০টিরও বেশি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হবে চলচ্চিত্রটি।
প্রযোজনা প্রতিষ্ঠানের সুদূরপ্রসারী পরিকল্পনা ছিল প্রথম থেকেই, যার কারণে ঈদুল ফিতরে মুক্তির অনেকটা দিন পর এসে ’দম’ মুক্তি পাচ্ছে সিঙ্গেল স্ক্রিনে। এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল আগেই জানিয়েছিলেন, পাইরেসির ঝুঁকি এড়াতেই শুরুতে সিনেমাটি শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি দেয়া হয়।’
জানা গেছে ‘দম’ সিঙ্গেল স্ক্রিনে মুক্তির প্রস্তুতি শেষ পর্যায়ে আছে। নতুন পোস্টার ডিজাইন করা হয়েছে, সেগুলো প্রিন্ট হয়ে গেছে। এখন সেগুলো সিনেমা হলে পাঠানোর কাজ চলছে। ‘দম-এর সিঙ্গেল স্ক্রিনের তালিকায় ঢাকার মধুমিতা, শ্যামলী সিনেমা হল, সাভারের সেনা অডিটোরিয়াম, রংপুরের শাপলা, ময়মনসিংহের ছায়াবাণী, পাবনার রূপকথা, বরিশালের অভিরুচি, জয়দেবপুরের বর্ষা, সিলেটের নন্দীতা, যশোরের মণিহার রয়েছে বলে জানা গেছে।
‘দম’ সিনেমার বড় পরিসরের মুক্তি নিয়ে উচ্ছ¡সিত পরিচালক রেদওয়ান রনি। তিনি বলেন, ‘দম আমার কাছে শুধু একটি সিনেমা নয়, এটি বাংলাদেশের এবং বাংলাদেশীর বিজয়ের গল্প। দেশের মানুষের কাছে এমন একটি অদম্য সাহসিকতার গল্প নিয়ে যেতে পেরে আমি খুবই আনন্দিত। ’
দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও 'দম' নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে। এরইমধ্যে অস্ট্রেলিয়া, আমেরিকা ও কানাডায় সিনেমাটি মুক্তি পেয়েছে এবং সেখানে দর্শকদের অভাবনীয় সাড়া পাচ্ছে। উত্তর আমেরিকায় সিনেমাটির জনপ্রিয়তা এতটাই তুঙ্গে যে, মাত্র এক সপ্তাহেই সেখানে হলের সংখ্যা ৭টি থেকে বাড়িয়ে ৫০টিতে উন্নীত হয়েছে। একইভাবে কানাডাতেও প্রথম সপ্তাহে ৮টি হলে মুক্তি পেয়েছে সিনেমাটি।
’দম’ সিনেমায় অভিনয় করেছেন পূজা চেরী , চঞ্চল চৌধুরী , আবুল হায়াৎ , ডলি জহুর, জাহিদ হাসান। তবে সিনেমাটি নিয়ে দর্শকদের বিশেষ আগ্রহের অন্যতম বড় কারণ এর কেন্দ্রীয় চরিত্র আফরান নিশো। সিনেমাটিতে নিশোর অভিনয়ে মুগ্ধতার কথাই বলেছেন দর্শকরা।
এ প্রসঙ্গে আফরান নিশো বলেন, ’আমার মনে আছে একদম প্রথম যখন রনি আমাকে গল্পের ভাবনাটা বলে, তখনই সোল্ড আউট হয়ে গেছি। একটা জিনিস পেলাম আর করে ফেললাম এরকম না আমি। আই এম বেøসড যে আমি স্থির হয়ে চিন্তা করতে পারি, আমি যে ধরণের ভিশন ভিজুয়ালাইজ করি বা পারফর্মার হিসেবে নিজের গ্রোথটা চাই, সেজন্য আমার গল্পটা খুব দরকার। তো এই জায়গা থেকে দম খুব পারফেক্টলি ফিট করে। আর এ জন্য হয়তো দর্শকরাও কাজগুলো পছন্দ করে।’
যার জীবনের গল্প থেকে ’দম’ সিনেমাটি নির্মিত হয়েছে, সেই নূর ইসলাম ও তার পরিবার সম্প্রতি দেখেছেন ’দম’ সিনেমাটি। তিনি সিনেমাটি পছন্দ করেছেন, বলেছেন, ’দম সিনেমাটি হয়েছে আন্তর্জাতিক মানের এবং আফরান নিশোর অভিনয় আউটস্ট্যান্ডিং।’