জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ আবারও চলচ্চিত্র পরিচালনায় নাম লেখাচ্ছেন। চলতি বছরের শেষ নাগাদ তার নতুন চলচ্চিত্রটির কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি। ১৯ এপ্রিল নিজের জন্মদিনের আয়োজনের এক ফাঁকে তিনি এই তথ্য প্রকাশ করেন নাগরিক প্রতিদিনের কাছে।
এ প্রসঙ্গে তৌকীর আহমেদ বলেন, ‘ অনেক দিনই হয়ে গেলো সিনেমা নির্মাণের বাইরে আছি।
তবে নতুন খবর হলো, আমি আবারও সিনেমা বানানোর দিকে অগ্রসর হচ্ছি। পরিকল্পনা চুড়ান্ত করেছি এরইমধ্যে। গল্প নিয়েও সিদ্ধান্ত চুড়ান্ত করা হয়েছে। বাকী বিষয়গুলোর প্রস্তুতি চলছে। তবে আরও কিছু কাজ করার পর সিনেমাটির বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করব।’
সর্বশেষ ‘স্ফুলিঙ্গ’ নামের একটি সিনেমা নির্মাণ করেন তৌকীর আহমেদ। সিনেমাটি প্রশংসিত হওয়ার পাশাপাশি এটির জন্য একাধিক অ্যাওয়ার্ডও অর্জন করেন এই গুণী নির্মাতা।