আজ ২৮ মার্চ ঢালিউডের সুপারস্টার শাকিব খানের জন্মদিনে। দেশে থাকলে ঘনিষ্টজনদের নিয়ে দিনটি উদযাপন করতে পছন্দ করেন তিনি। কিন্তু এবার তিনি দেশে নেই। তাই দর্শকদের জন্য তিনি পাঠালেন এক অন্যরকম উপহার।
জন্মদিনে অন্তর্জালে প্রকাশ করেছেন নিজের আসন্ন চমক ‘রকস্টার’-এর পোস্টার ও লুক। যেখানে শাকিব খানকে দেখা গেছে কেয়ারলেস এক রকস্টারের লুকে। পায়ে স্নিকার্স, শরীরজুড়ে ট্যাটু, পরনে হাফ প্যান্ট, গলায় মোটা চেইন, চোখে সানগ্লাস; পিচঢালা পথে পা ছড়িয়ে বসে দৃষ্টি স্থির দূরে কোথাও। সবচেয়ে বড় বিষয়, শাকিব খানের এই রকস্টার লুক দারুণভাবে গ্রহণ করছেন দর্শক।
‘রকস্টার’ লুক প্রকাশ করে শাকিব খান ক্যাপশনে লিখেছেন, ‘আমার ভালোবাসার দর্শকদের জন্য এটা আমার জন্মদিনের উপহার।’
আসন্ন কোরবানির ঈদ লক্ষ্য করে ২৪ মার্চ থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে।
জানা গেছে, ২৯ মার্চ পর্যন্ত মালয়েশিয়ার বিভিন্ন লোকেশন টানা চলবে ছবিটির শুটিং, এরপর দেশে ফিরে এপ্রিলের প্রথম সপ্তাহেই ঢাকার বিভিন্ন লোকেশনে হবে দৃশ্যায়ন।
ছবিটির গল্প, নির্মাণশৈলী এবং শাকিব খানের লুক সব কিছুতেই নতুনত্ব আনার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। ছবিটি পরিচালনা করছেন আজমান রুশো। ছবিটিতে শাকিব খানের সঙ্গে থাকছেন সাবিলা নূর, এ ছাড়া দেখা যাবে তানজিয়া জামান মিথিলাকেও।