সুপারস্টার শাকিব খানের এবারের ঈদ উৎসব হয়ে উঠেছে নিরানন্দের। এই ঈদে তার অভিনীত ‘প্রিন্স’ সিনেমাটি মুক্তির প্রথম দিন থেকেই কারিগরী সমস্যায় ভুগেছে। সেটি কাটিয়ে উঠতে না উঠতেই এবার পাইরেসির কবলে পড়েছে সিনেমাটি।
জানা গেছে, সার্ভার সমস্যার কারণে দেশের কয়েকটি হলে প্রদর্শনী বন্ধ হয়ে যাওয়ার পরপরই সিনেমাটির গুরুত্বপূর্ণ কিছু দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়তে শুরু করেছে। যান্ত্রিক ত্রুটির কারণে অনেক দর্শক টিকিট কেটেও সিনেমাটি দেখতে পারেননি, এতে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও প্রেক্ষাগৃহে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এই অস্থির পরিস্থিতির মধ্যেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে সিনেমার একাধিক ক্লিপ ঘুরে বেড়াচ্ছে।
অনলাইনে ছড়ানো এসব ভিডিও মূলত ‘হল প্রিন্ট’, অর্থাৎ প্রেক্ষাগৃহে বসে মোবাইল ফোনে ধারণ করা ফুটেজ। নির্মাতা আবু হায়াত মাহমুদের পরিচালনায় নির্মিত ছবিটি মুক্তির আগেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল। নব্বই দশকের ঢাকার আলোচিত গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের জীবন থেকে অনুপ্রাণিত গল্পে নির্মিত এই সিনেমায় শাকিব খান কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন।