হাতে আছে আর মাত্র ১ দিন। ১৬ মার্চ বাংলাদেশ সময় ভোর ৫টায় আমেরিকার লস অ্যাঞ্জেলসে বসছে বিশ্বের সবচেয়ে দামী চলচ্চিত্র পুরস্কারের আসর ‘অস্কার অ্যাওয়ার্ড’। বিভিন্ন ক্যাটাগরিতে অনেকেই পুরস্কার পাবেন এবারও। তবে সবকিছু ছাপিয়ে সেরা অভিনেতার দিকেই নজর সবার। কে হচ্ছেন সেরা অভিনেতা। এই প্রশ্নটিই ঘুরছে চারিদিকে। বেশ কয়েকজন হলিউড অভিনেতার নাম উঠে এসেছে।
‘মার্টি সুপ্রিম’ ছবি দিয়ে পুরস্কার মৌসুমে দাপট দেখানো টিমোথি শ্যালামে এগিয়ে থাকলেও সবশেষ অ্যাক্টর অ্যাওয়ার্ডসে আবার সেরা অভিনেতা হয়ে চমকে দিয়েছেন মাইকেল বি জর্ডান। অনেকে আবার বলছেন, এ দুজনকে হটিয়ে দ্বিতীয়বারের মতো লিওনার্দো ডিক্যাপ্রিওর হাতে উঠতে পারে অস্কার। আলোচনায় ঘুরেফিরে সেরা অভিনেতা হিসেবে এ তিনজনের নামই আছে।
শ্যালামের বড় প্রতিদ্বন্দ্বী লিওনার্দো ডিক্যাপ্রিও। পল টমাস অ্যান্ডারসনের ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানদার’ সিনেমায় সাবেক বিপ্লবী বব ফার্গুসনের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন তিনি। ‘দ্য রেভেন্যান্ট’ সিনেমার জন্য ইতিমধ্যেই একবার অস্কার জিতেছেন ডিক্যাপ্রিও। দীর্ঘ ক্যারিয়ারে তিনি বহু শক্তিশালী অভিনয় করেছেন এবং অস্কার ভোটারদের কাছে তার একটি বিশেষ মর্যাদা রয়েছে। ফলে তিনিও হতে পারেন সেরা অভিনেতা। অস্কারে রেকর্ড ১৬ মনোনয়ন বাগিয়ে চমকে দিয়েছে রায়ান কুগলারের ‘সিনার্স’।
ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করে অ্যাক্টর অ্যাওয়ার্ডসে সেরা হয়েছেন মাইকেল বি জর্ডান। ছবিটি একদিকে যেমন বাণিজ্যিকভাবে সফল, অন্যদিকে সমালোচকদের কাছেও প্রশংসিত। এ ধরনের জটিল দ্বৈত চরিত্র অনেক সময় অস্কারের ভোটারদের আকৃষ্ট করে। আবার অনেকে মনে করছেন, ‘ ব্লু-মুন’ সিনেমার জন্য এবার হয়তো অস্কার পাবেন ইথান হক। বহু বছর ধরে ধারাবাহিকভাবে ভালো কাজ করে যাচ্ছেন তিনি। অনেক সময় অস্কার ভোটাররা কোনো অভিনেতাকে তার দীর্ঘ ক্যারিয়ারের জন্য পুরস্কৃত করেন। সেই হিসেবে তিনিও সেরা অভিনেতার দৌড়ে আছেন।
শেষ পর্যন্ত কে পুরস্কার পান, সেটা জানতে আর মাত্র দুই দিনের অপেক্ষা।