ঢাকার অপরাধ জগতের এক প্রিন্সকে নিয়েই দীর্ঘদিন ধরে চলছিল তুমুল আলোচনা। সেই প্রিন্স দেখতে কেমন, কিভাবে কথা বলে, হাটাচলা কেমন কিংবা তার কর্মকাণ্ড কিভাবে পরিচালিত করেন। এইসব জল্পনার অবসান ঘটল । আগামী ঈদে মুক্তি পাচ্ছে আবু হায়াত মাহমুদ ভূঁইয়া পরিচালিত সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। এই সিনেমার নসাম ভূমিকায় অভিনয় করছেন শাকিব খান। ১২ মার্চ দুপুর ১ টায় ইউটিউবে মুক্তি পেয়েছে সিনেমাটির টিজার।
টিজারে গ্যাংস্টারের রূপে দেখা গেছে শাকিব খানকে। শুরুতেই দেখা যায় ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অপরাধের চিত্র, এরপরই দৃশ্যপটে হাজির হন প্রিন্স চরিত্রের অভিনেতা শাকিব খান। লম্বা চুল, চোখে সানগ্লাস। অ্যাকশনের মেজাজে প্রিন্স গুলিতে ধরাশায়ী করেন প্রতিপক্ষ আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। টিজারে শাকিবের আরেকটি চেহারা সামনে এসেছে তুলনামূলক ছোট চুল, লুকও ভিন্ন। এটি কি প্রিন্সের আগের গল্প, নাকি দ্বৈত চরিত্র, সেটা অবশ্য স্পষ্ট করা হয়নি।
টিজারে দেখা গেছে আলোচিত ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যকেও। এ ছাড়া শাকিবের দুই নায়িকা তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডুর ঝলকও আছে। টিজারের শেষের দিকে প্রিন্সের কণ্ঠে শোনা যায় সংলাপ, ‘আমার সাথে যে ধান্ধা করবে, তার জন্য মিষ্টি আর আমার শত্রুর সঙ্গে যে ধান্ধা করবে, তার জন্য বুলেটের বৃষ্টি।’