সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এর মধ্যেই অভিনেত্রী শবনম ফারিয়া তার ফেসবুক পোস্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি লেখেন, ‘দেশের আইনশৃঙ্খলার যে অবস্থা, অবশ্যই সার্চ করবেন, জিজ্ঞাসাবাদ করবেন, এইটা আপনাদের কাজ, কিন্তু গায়ে হাত তুলবেন কেন?’
ক্ষমতার অপব্যবহার হলে মানুষের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা ও সম্মান কমে যায়, এমনটাও মন্তব্য করেন শবনম ফারিয়া। ফারিয়া আরও লেখেন, ‘এই যে শুধু শুধু ক্ষমতার অপব্যবহার করেন বলে আপনাদের ওপর মানুষের বিশ্বাস কিংবা সম্মান নষ্ট হয়ে যায়। আমরা আপনাদের সম্মান করতে চাই, বিশ্বাস করতে চাই আপনারা সত্যিই আমাদের সেবায় নিয়োজিত।’ ফারিয়া সবশেষে লেখেন, ‘আমরা চাই আপনারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখুন। কিন্তু দেশের নাগরিকদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি সম্মানও করতে হবে।’