নাটক, সিনেমা কিংবা ওয়েব সিরিজ সবখানেই সমান দক্ষতায় অভিনয় করেন মোশাররফ করিম। সময়ের এই জনপ্রিয় অভিনেতাকে আগামী ঈদের ইত্যাদি ম্যাগাজিন অনুষ্ঠানে ভিন্নভাবে দেখা যাবে। তিনি সরাসরি অভিনয় করবেন দর্শকদের মধ্য থেকে নির্বাচিত চারজন দর্শকের সঙ্গে।
ইত্যাদির নিয়মিত পর্বে প্রশ্নোত্তরের মাধ্যমে দর্শক নির্বাচন করা হলেও ঈদের ইত্যাদিতে দর্শক নির্বাচন করা হয় বিভিন্ন উপকরণ দিয়ে। এবারেও দর্শক পর্বের জন্য একটি ব্যতিক্রমী উপকরণ দিয়ে বাছাই করা হয়েছে চারজন দর্শক। হাজার হাজার দর্শক যখন এই উপকরণগুলি উপরে তুলে ধরেন তখন এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি হয়। এরপর নির্বাচিত চারজন দর্শককে নিয়ে শুরু হয় দ্বিতীয় পর্ব। আর এই পর্বেই দর্শকদের সঙ্গে মুখোমুখি হয়েছিলেন দর্শকপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। যিনি তাৎক্ষণিক প্রস্তুতিতে একাই দর্শকদের সঙ্গে তিনটি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। অভিনেতা-অভিনেত্রী না হয়েও মোশাররফ করিমের সঙ্গে দর্শকদের তাৎক্ষণিক এই অভিনয় উপস্থিত দর্শকরা দারুণ উপভোগ করেন।
প্রতিবারের মত এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।