এসএসসি ও সমমান পরীক্ষায় এবারও পাসের হার এবং জিপিএ-৫ পাওয়ায় এগিয়ে রয়েছে ছাত্রীরা। দেশের ১১টি শিক্ষা বোর্ডে ছাত্রীদের পাসের হার ৬৬.৬৮ শতাংশ, আর ছাত্রদের ৫৭.৮৬ শতাংশ।
জিপিএ-৫ পাওয়াতেও এগিয়ে ছাত্রীরা। এ বছর মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ১৬ হাজার ৬৭৬ জন। এদের মধ্যে ছাত্রী ৬৩ হাজার ৮৯৬ ও ছাত্র ৫২ হাজার ৭৮০ জন।
এবার পরীক্ষায় পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। তাদের মধ্যে ছয় লাখ সাত হাজার ৯৩৯ ছাত্রী ও পাঁচ লাখ ৩০ হাজার ৯৩৮ ছাত্র।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ ফল ঘোষণা করেন।
এ বছর দেশের ১১ শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে নয় লাখ ৩০ হাজার ৩০৫ ছাত্র ও ৯ লাখ ২৭ হাজার ৩৯ ছাত্রী।
৩০ হাজার ৬৬৬ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী তিন হাজার ৮৮৫ কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩১৮, মাদ্রাসা বোর্ডে (দাখিল) তিন লাখ তিন হাজার ২৮৬ ও কারিগরি বোর্ডে এক লাখ ৩৪ হাজার ৬৬০ জন।