পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানিয়েছেন, দক্ষ জনশক্তি তৈরির জন্য সপ্তম শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা দেয়ার পরিকল্পনা করা হচ্ছে। শুক্রবার (২৬ জুন) দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে স্বপ্নপূরণ অর্গানাইজেশনের আয়োজনে স্কিল ডেভেলপমেন্ট ইয়ুথ সামিটে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘ক্লাস সেভেন থেকেই আমরা প্রত্যেকটি ছেলে মেয়েকে টেকনিক্যাল বিষয়ে শিক্ষা দিয়ে এমন করে তৈরি করব, যেন সে মেট্রিক পাস করার সঙ্গে সঙ্গে জীবন-জীবিকা আগামী দিনের জন্য প্রস্তুত হতে পারে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে মাদক। এ মাদক থেকে যদি আমাদের সন্তানদেরকে ফিরিয়ে আনতে হলে তাদের খেলার মাঠে নিয়ে আসতে হবে। এজন্য স্পোর্টসের টিচার নিয়োগ দেওয়া হবে। আমরা আমাদের সমাজ, আমাদের সন্তানদেরকে আমরা মাদকমুক্ত রাখতে চাই।’
পরে ইয়ুথ অলিম্পিয়াড ও ওপেন কুইজ রাইন্ডে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। এর আগে, ফ্রিল্যান্সিং ও ক্যারিয়ার প্লানিং বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রায় ১২০০ শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, আইটি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ স্বপ্নপূরণ অর্গানাইজেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।