শিক্ষা-প্রতিষ্ঠানে শেষ হয়েছে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের টানা ছুটি। বৃহস্পতিবার (৪ জুন) নির্ধারিত ছুটি শেষ হলেও এরপর বৃহস্পতি ও শুক্রবার (৫ ও ৬ জুন) সাপ্তাহিক ছুটি থাকায় রোববার (৭ জুন) খুলবে প্রতিষ্ঠানগুলো।
ফলে দীর্ঘ ১৬ দিনের বিরতির পর দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবার শুরু হবে পাঠদান। ফলে দুই সপ্তাহেরও বেশি সময় পর শ্রেণিকক্ষে ফিরবে শিক্ষার্থীরা।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে গত ২৪ মে (২১ মে, বৃহস্পতিবারের ক্লাস শেষে শুরু হয় এ ছুটি, এরপর ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি ছিল) থেকে ছুটি শুরু হয় এসব প্রতিষ্ঠানে। এতে এসব শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিনের ছুটি পেয়েছে।
তবে আরও দীর্ঘ ছুটি পেয়েছে মাদরাসা শিক্ষার্থীরা। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদরাসাগুলোয় ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। পরে ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন রোববার ক্লাস শুরু হবে।