জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাশের এলাকা থেকে মাথায় রক্তাক্ত অবস্থায় শারমিন জাহান নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ইসলামনগর এলাকার একটি ভাড়াবাসা থেকে তাকে প্রথমে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে এ ঘটনাকে হত্যাকাণ্ড বলে মনে করছে পুলিশ।
শারমিন জাবির লোকপ্রশাসন বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের (৫১ ব্যাচ) শিক্ষার্থী।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, ‘ঘটনা শোনার পরই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। বর্তমানে লাশ রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এরইমধ্যে তদন্ত শুরু করেছি।’
শারমিনকে হাসপাতালে নেওয়া ফাহিম আল হাসান নামের এক ব্যক্তি নিজেকে তার স্বামী হিসেবে পরিচয় দিয়ে বলেন, ‘বেলা ৩টার দিকে বাসায় গিয়ে শারমিনকে মাথায় রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখি। অচেতন অবস্থায় বাড়িওয়ালার সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, ‘ওই শিক্ষার্থীর মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে।’