ইরান যুদ্ধ
যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম গ্যালন প্রতি আরও ৫ সেন্ট বেড়েছে। এতে দেশটিতে গড়ে প্রতি গ্যালন গ্যাসের দাম দাঁড়িয়েছে ৩ দশমিক ২৫ ডলারে, যা গত ১১ মাসের মধ্যে সর্বোচ্চ।
আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার (৫ মার্চ) এক পরিসংখ্যানে এ তথ্য জানিয়েছে।
সিএনএন বলছে, গত শুক্রবার থেকে শুরু হওয়া প্রতি গ্যালনে ২৬ সেন্টের এই মূল্যবৃদ্ধি মূলত ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ার প্রতিক্রিয়া। বিশ্ববাজারের ২০ শতাংশ তেল এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়েই পরিবাহিত হয়।
বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব এবং তেলসমৃদ্ধ প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতের তেল স্থাপনাগুলোতে ইরান প্রতিশোধমূলক হামলা চালানোর পর গ্যাসের দাম আরও বৃদ্ধি পেয়েছে।
মূল্যবৃদ্ধির বড় অংশটি ঘটেছে গত তিন দিনে। যদিও আজকের ৫ সেন্টের বৃদ্ধি বুধবারের ৯ সেন্ট এবং মঙ্গলবারের ১১ সেন্টের তুলনায় কিছুটা কম।
উল্লেখ্য, গত মঙ্গলবারের সেই বৃদ্ধি ছিল ২০০৫ সালে হারিকেন ক্যাটরিনার পরবর্তী সময়ের পর একদিনে সর্বোচ্চ মূল্যবৃদ্ধি।
তা সত্ত্বেও, গত কয়েক দিনে গ্যাসের দামে যে ২৫ সেন্টের উল্লম্ফন ঘটেছে, তা ২০২২ সালের মার্চ মাসে ইউক্রেন আক্রমণের পর রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের পরবর্তী সময়ের পর সবচেয়ে বড় তিন-দিনের মূল্যবৃদ্ধি।
ডিজেলের দাম বাড়ছে আরও দ্রুত গতিতে। বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, ডিজেলের গড় দাম ১২ দশমিক ৮ সেন্ট বেড়ে ৪ দশমিক ১৭ ডলারে দাঁড়িয়েছে, যা গত তিন দিনেই ৪০ সেন্ট বৃদ্ধি পেয়েছে।
খুব কম আমেরিকান চালক ডিজেলচালিত গাড়ি ব্যবহার করলেও, এর প্রভাব সাধারণ ভোক্তারা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই অনুভব করতে পারবেন। বেশিরভাগ ভারী ট্রাক ডিজেলে চলে এবং বেশিরভাগ পণ্য পরিবহন কোম্পানি তাদের ভাড়ার সঙ্গে জ্বালানি মাশুল যোগ করে।
সমুদ্রপথে পণ্য পরিবহনের ক্ষেত্রেও ফুয়েল সারচার্জ কার্যকর করা হচ্ছে। ফলে পণ্য আনা-নেওয়া আরও ব্যয়বহুল হয়ে উঠছে এবং এই বাড়তি খরচ উচ্চমূল্যের মাধ্যমে ভোক্তাদের ওপর চাপিয়ে দেওয়া হতে পারে।
এ ছাড়া সামনে বসন্তকালীন চাষাবাদের মৌসুম শুরু হতে যাচ্ছে। তাই খামারে ব্যবহৃত যন্ত্রপাতিতে ডিজেল ব্যবহারের কারণে কৃষকরাও চরম ক্ষতির সম্মুখীন হতে পারেন।
উত্তর-পূর্বাঞ্চলের যেসব বাড়ির মালিক গরম রাখার জন্য হিটিং অয়েল ব্যবহার করেন, তারাও ক্ষতিগ্রস্ত হবেন। কারণ হিটিং অয়েল ও ডিজেল মূলত একই পণ্য। এবং সামনে আরও মূল্যবৃদ্ধির সম্ভাবনা রয়েছে।