ইরান যুদ্ধ
জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, ইরান যুদ্ধের কারণে পারস্য উপসাগরীয় অঞ্চলে প্রায় ২০ হাজার নাবিক এবং ১৫ হাজার ক্রুজ শিপ বা প্রমোদতরীর যাত্রী আটকা পড়েছেন।
আইএমওর মহাসচিব আরসেনিও দোমিঙ্গেজ বলেন, আক্রান্ত নাবিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে আইএমও সব অংশীজনদের সঙ্গে কাজ করতে প্রস্তুত।
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আইএমও ওই অঞ্চলে জাহাজ সংক্রান্ত সাতটি ঘটনা নথিবদ্ধ করেছে। এসব ঘটনায় দুজন নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন।
দোমিঙ্গেজ বলেন, ‘এই ভয়াবহ হামলার ফলে যে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, তার চেয়ে বড় বিষয় হলো এটি একটি মানবিক সংকটও। নিরীহ নাবিকদের ওপর কোনো আক্রমণই সমর্থনযোগ্য নয়।’
‘আক্রান্ত অঞ্চলে জাহাজ পরিচালনার সময় আমি সব শিপিং কোম্পানিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান পুনর্ব্যক্ত করছি,’ যোগ করেন তিনি।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর ইরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এই প্রণালী দিয়ে বিশ্বের এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল এবং উল্লেখযোগ্য পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন করা হয়।