আয়কর রিটার্ন জমার সময় আরও এক মাস বাড়ানো হয়েছে। এর ফলে ২৮ ফেব্রুয়ারির পরিবর্তে ৩১ মার্চ পর্যন্ত ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এ সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, আয়কর আইন-২০২৩-এর ধারা ৩৩৪ এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড, জনস্বার্থে, সরকারের পূর্বানুমোদনক্রমে, স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাদের ২০২৫-২৬ করবর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ ২৮ ফেব্রুয়ারি-২০২৬ তারিখের পরিবর্তে ৩১ মার্চ ২০২৬ তারিখ নির্ধারণ করা হলো।
আয়কর রিটার্নের এ সময় বৃদ্ধির মধ্য দিয়ে চলতি কর বছরে চারবার আয়কর রিটার্ন জমার সময় দেওয়া হলো।
এদিকে কিছু ব্যতিক্রম ছাড়া এবার সবাইকে অনলাইনে রিটার্ন দিতে হবে। বর্তমানে দেশের প্রায় ১ কোটি ২০ লাখের বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। করযোগ্য আয় থাকলে টিআইএনধারীদের রিটার্ন দিতে হয়। এই পর্যন্ত ৩৪ লাখ টিআইএনধারী রিটার্ন দিয়েছেন।