ঢাকাই চলচ্চিত্রের প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার অন্যতম আসামি খলনায়ক ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ—সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।
ডনের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। তিনি দাবি করেছেন, সালমানের মৃত্যুর ঘটনায় ডন ‘ওতপ্রোতভাবে জড়িত’ ছিলেন।
নীলা চৌধুরী বলেন, ‘সালমান আমার সন্তান। সে আমার বুকের মধ্যে আছে, থাকবে। তাকে হত্যা করা হয়েছে। আর সালমান হত্যাকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল এই ডন।’
ডনের বিরুদ্ধে আরও অভিযোগ তুলে সালমানের মা বলেন, **সালমানের মৃত্যুর পরও তাকে নানাভাবে অপমান করা হয়েছে এবং তার ছেলের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘শুধু তাই নয়, সালমানের মৃত্যুর পর সে আমাকে নানাভাবে অপমান করেছে এবং আমার ছেলে নামে অনেক মিথ্যা অপবাদ দিয়েছে। আজ সে গ্রেপ্তার হয়েছে। সব প্রমাণ একদিন হবে।’
ডনের গ্রেপ্তারে সন্তোষ প্রকাশ করে নীলা চৌধুরী বলেন, তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞ এবং বর্তমান সরকারের প্রতি তার আস্থা রয়েছে। সালমান শাহর মৃত্যুর ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তারের দাবি জানান তিনি।
নীলা চৌধুরী বলেন, ‘আল্লাহর কাছে কৃতজ্ঞতা ও বর্তমান সরকারের প্রতি আমার আস্থা আছে। সালমান হত্যার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করা হোক। আশা করি, আমি আমার সন্তান হত্যার বিচার একদিন পাব।’
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় মারা যান চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২৫ সালের ২০ অক্টোবর আদালত মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। পরদিন রমনা থানায় সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর হত্যা মামলা করেন।
মামলায় সালমান শাহর স্ত্রী সামীরা হকসহ ১১ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে রয়েছেন ব্যবসায়ী ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডনসহ আরও কয়েকজন।
প্রায় তিন দশক পর মামলাটি হত্যা মামলা হিসেবে তদন্তের মধ্যে রয়েছে। এরই মধ্যে অন্যতম আসামি ডনের গ্রেপ্তারকে তদন্তের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। আগামী ৩০ আগস্ট মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।