রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) ওসমান গনিকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে কাদেরাবাদ হাউজিংয়ের মেইন রোডে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের মতে, তার পিঠে অন্তত ৪৩টি সেলাই দিতে হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও মোহাম্মদপুর থানার একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, রাত আনুমানিক ৯টার দিকে স্ত্রী তানজিনা সীমা ও একমাত্র সন্তানকে নিয়ে বাসায় ফিরছিলেন এসআই ওসমান গনি। এ সময় পেছন থেকে এক দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। আহত অবস্থাতেও হামলাকারীকে ধাওয়া করেন ওসমান গনি। তবে শেষ পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হামলায় এসআই ওসমান গনির পিঠে গুরুতর জখম হয়েছে। ক্ষতস্থানে অন্তত ৪৩টি সেলাই দিতে হয়েছে এবং তার পুরো পিঠজুড়ে গভীর আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুজ্জামান তালুকদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে তাকে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত এবং অভিযান চলছে।
তেজগাঁও বিভাগের (মোহাম্মদপুর-আদাবর) জোনের সহকারী পুলিশ সুপার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এটি ছিনতাইয়ের ঘটনা নয়। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে মনে হয়েছে, পূর্বশত্রুতার জেরেই হামলাটি হয়ে থাকতে পারে। হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’