জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি বলেছেন, ‘উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে সরকার বিভিন্ন কার্ড কর্মসূচির মাধ্যমে ঘরে ঘরে বেকারত্বকে উৎসাহিত করছে।’
শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টায় যশোরের অভয়নগর উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘দেশকে এগিয়ে নিতে এনসিপি নামের চারাগাছকে একটি শক্তিশালী বৃক্ষে পরিণত করতে জনগণের সমর্থন প্রয়োজন। আমরা প্রতারণা করব না, দেশ গড়ার রাজনীতি করতে চাই।’
তিনি বলেন, ‘দেশের মালিক জনগণ ভোট বিক্রির মাধ্যমে নিজেরাই গোলামির শৃঙ্খলে আবদ্ধ হয়ে যায়। এরপর পাঁচ বছর সেই ভুলের খেসারত দিতে হয়। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। জনগণ সচেতন হলে জনপ্রতিনিধিরাই জনগণের সেবক হিসেবে কাজ করতে বাধ্য হবে।’
রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘রাজপথে নারীদের ব্যবহার করা হলেও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে তাদের যথাযথ অংশগ্রহণ নিশ্চিত করা হয় না। দেশের ৫১ শতাংশ নারী জনগোষ্ঠীকে বাদ দিয়ে একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্র গঠন সম্ভব নয়।’ এ সময় তিনি নারীদের আরও সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হওয়ার আহ্বান জানান।
পথসভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, ‘পলাতক শেখ হাসিনা দেশে ফেরার হুমকি দিলেও তিনি আর কখনো বাংলাদেশে ফিরতে পারবেন না। এমনকি তার পরিবারের সদস্যদেরও এ দেশে দাফন হবে না।’
এনসিপির অভয়নগর উপজেলা প্রধান সমন্বয়কারী শাহজাহান কবীরের সভাপতিত্বে পথসভায় দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, ডা. মাহমুদা মিতু এমপি, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, যশোর জেলা সমন্বয়কারী মো. নুরুজ্জামানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।