রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ের একটি বাসা থেকে সুমাইয়া (২১) নামের এক তরুণীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) দিবাগত রাত ১২টার দিকে বাড়িটির সপ্তম তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রতিবেশীরা জানান, সুমাইয়ার গ্রামের বাড়ি পটুয়াখালির বাউফল উপজেলায়। ওই বাসায় তিনি একাই থাকতেন। কয়েকদিন ধরে ফ্ল্যাটটি বাইরে থেকে তালাবন্ধ ছিল। এক পর্যায়ে শনিবার দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন তারা।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনার প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বলেন, স্থানীয় বাসিন্দারা বাসা থেকে তীব্র দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন। পরে রাত ১২টার দিকে পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন ধরে মরদেহটি ঝুলন্ত অবস্থায় ছিল। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ সুরাইয়ার মায়ের সঙ্গে যোগাযোগ করেছে বলেও জানিয়েছে। তবে নিহত তরুণী ঢাকায় কার সঙ্গে থাকতেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।