কক্সবাজারের ঈদগড় থেকে চালককে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করা একটি মাইক্রোবাস তিন বছর পর ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা না গেলেও জড়িতদের শনাক্তের দাবি করেছে সংস্থাটি।
রোববার (৩০ আগস্ট) দুপুরে কক্সবাজারের কলাতলীতে পিবিআই কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পিবিআই কক্সবাজারের বিশেষ পুলিশ সুপার সাফিউল সারওয়ার।
তিনি জানান, তিন বছর আগে কক্সবাজার থেকে ঈদগড় বাজারে যাওয়ার জন্য একটি মাইক্রোবাস ভাড়া করা হয়। পরে সেখানে নিয়ে যাওয়ার পর সংঘবদ্ধ একটি চক্র চালককে অস্ত্রের মুখে জিম্মি করে মাইক্রোবাসটি ছিনিয়ে নেয়।
ঘটনার পর মামলা হলে তদন্ত শুরু করে পিবিআই। দীর্ঘ তদন্ত ও নানা জটিলতা পেরিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় মাইক্রোবাসটি শনাক্ত করা হয়। পরে ঢাকার বনশ্রী এলাকা থেকে গাড়িটি উদ্ধার করে পিবিআই।
বিশেষ পুলিশ সুপার সাফিউল সারওয়ার বলেন, ‘এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা গেছে। তাদের গ্রেপ্তারে পিবিআইয়ের অভিযান অব্যাহত রয়েছে।’
ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পিবিআই।