রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন ঘটনায় ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগে ৬৭, ওয়ারীতে ৭৫, মতিঝিলে ৫৩, তেজগাঁওয়ে ৭৩, মিরপুরে ১০২, গুলশানে ৫২, উত্তরা বিভাগে ৬৩, গোয়েন্দা বিভাগে (ডিবি) ৯ এবং সিটিটিসি একজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে ৩ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ২১৮ পিস ইয়াবা ও ২ দশমিক ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া দুটি চাকু, একটি বাস, নয়টি মোবাইল ফোন, ২ হাজার ৬০০ পিস জাল রেভিনিউ স্ট্যাম্প, ৩ হাজার ৩৫৬ পিস নন-জুডিসিয়াল স্ট্যাম্প এবং নগদ ১ লাখ ৫৬ হাজার ৩২ টাকা উদ্ধার করা হয়েছে।
এ সময় ভেজাল ওষুধ ও প্রসাধনী তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ৬২৭টি সিরাপ, ৬ হাজার ক্যাপসুল, ৩০টি ফেসওয়াশ, ৩১০টি শ্যাম্পু, ৫ কেজি সাদা পাউডার, হাইজিন ওয়াশের ১৫০টি খালি মোড়ক ও বোতল, লেবেলবিহীন ৩০০টি সিরাপের বোতল, ক্যাপসুল সেল ভরার মেশিন, ক্যাপসুল ভরার ছয়টি যন্ত্রাংশ এবং লেবেল লাগানোর দুটি সাচ।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। অভিযানে জড়িতদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।