গণভোটকে পুঁজি করে জামায়াতে ইসলামী রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।
রোববার (১৬ আগস্ট) জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে এমপি খোকন বলেন, ‘নির্বাচনের আগে পীরের দোহাই দিয়ে বাংলাদেশের মানুষকে ব্ল্যাকমেইল করে জান্নাতের টিকিট বিক্রি করেছে জামায়াত। এখন তারা আবার গণভোটের দোহাই দিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান গণভোটের রায় অক্ষরে অক্ষরে পালন করবেন। এটা এখন শুধু সময়ের ব্যাপার। গণভোটকে পুঁজি করে জামায়াত যে ফায়দা নেওয়ার চেষ্টা করছে, তা ব্যর্থ হবে।’
মৎস্য সংরক্ষণের বিষয়ে তিনি বলেন, সমুদ্র, নদী ও নালায় ইলিশ মাছ ধরার ওপর নির্দিষ্ট সময় নিষেধাজ্ঞা দেওয়া হয়। একইভাবে মিঠাপানির মাছের সংরক্ষণ ও প্রজনন নিশ্চিত করতে বৈশাখ মাসে এক মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হলে দেশে মিঠাপানির মাছের অভাব হবে না।
উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই এলাকায় এসে শেষ হয়।