‘বাড়িতে কি সবাই পুরা মরিছে যে কেউ ফোন ধরছে না? এরপর আর ফোন দেসহীনি, কোনো দিন ধরমু না।’ মৃত্যুর আগে সৌদি আরব থেকে ছোট বোন আদরীর মোবাইলে এই ভয়েস মেসেজ পাঠান মোহন। যা স্বজনদের মন ভেঙে দিচ্ছে।
জানা গেছে, সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন নওগাঁর আত্রাই উপজেলার ১২ জন প্রবাসী শ্রমিক। নিহতদের মধ্যে একই পরিবারের দুই ভাই রয়েছেন, যাদের মধ্যে মোহন ও তার ছোট ভাই সুমন এক সাথে সেখানে কাজ করতেন। তারা আত্রাই উপজেলার গন্ডগোহলী গ্রামের বাসিন্দা।
সৌদি আরবে অগ্নিকাণ্ডের ঠিক আগমুহূর্তে গ্রামের পরিবারের কাছে ফোন করেছিলে মোহন। কিন্তু ফোন কেউ রিসিভ না করায় তিনি বোন আদরীর মোবাইলে ওই ভয়েস মেসেজটি পাঠান।
কিন্তু এটিই যে ভাইয়ের জীবনের শেষ বার্তা হবে, তা ধারণাও করতে পারেননি স্বজনরা। মৃত্যুর মুহূর্তে ভাইয়ের ফোন রিসিভ করতে না পারার চরম অপরাধবোধ ও শোকে বারবার মূর্ছা যাচ্ছেন বোন আদরী। মর্মান্তিক এই এক দুর্ঘটনায় তিনি দুই সহোদর ভাইকে হারিয়েছেন। বিলাপ করতে করতে আদরী জানান, ভাইয়ের বিদায়বেলায় তার সাথে কথা বলতে না পারার এই আফসোস সারাজীবন বয়ে বেড়াতে হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদি আরবে কর্মস্থলে লাগা আগুনে দগ্ধ হয়ে ১৭ জন নিহতের ঘটনায় আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের মোট ১২ জন প্রবাসী মৃত্যুবরণ করেছেন। খবর ছড়িয়ে পড়ার পর থেকেই স্বজনহারা পরিবারগুলোর মাঝে চলছে শোকের মাতম।
নিহতদের লাশ দ্রুত ও সম্মানজনকভাবে দেশে ফিরিয়ে আনতে এবং শোকাহত পরিবারগুলোকে প্রয়োজনীয় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।