বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মেয়াদ শেষ হয়েছে। এসব ইউনিয়ন পরিষদের কার্যক্রম সচল রাখতে প্রশাসক নিয়োগের প্রস্তাব জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
বাকেরগঞ্জ উপজেলায় মোট ১৪টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে ১১টির মেয়াদ শেষ হওয়ায় এসব ইউনিয়নে প্রশাসক নিয়োগের প্রস্তাব পাঠানো হয়েছে। জেলা প্রশাসনের অনুমোদন পাওয়ার পর প্রশাসক নিয়োগ কার্যকর হবে।
ইউএনও মিলটন চন্দ্র পাল বলেন, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদগুলোর জনসেবা ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখতে প্রশাসক ও সদস্য নিয়োগের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে সরকার প্রজ্ঞাপনও জারি করেছে।
তিনি বলেন, ‘বাকেরগঞ্জ উপজেলার মেয়াদোত্তীর্ণ ১১টি ইউনিয়নে প্রশাসক নিয়োগের প্রস্তাব পাঠানো হয়েছে। প্রশাসক নিয়োগ হলে তারা ইউনিয়ন পরিষদের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম, জনসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করবেন। স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পরিষদের সেবামূলক কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে জন্যই প্রশাসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।’
এদিকে উপজেলার সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদগুলোতে দ্রুত প্রশাসক নিয়োগ করা হলে নাগরিক সেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় থাকবে। তাদের মতে, প্রশাসনিক কার্যক্রমে যাতে কোনো ধরনের স্থবিরতা তৈরি না হয়, সে জন্য দ্রুত এ প্রক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন।