পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার ঘটনার জেরে ভারতীয় এক নাগরিককে আটক করে বাংলাদেশে নিয়ে এসেছেন স্থানীয়রা।
শনিবার (৮ আগস্ট) সকালে সাতমেরা সীমান্তের বিরাজোত এলাকায় এ ঘটনা ঘটে। আটক ভারতীয় নাগরিকের নাম দীপঙ্কর গোপ (৩৫)। তিনি ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি তশনপাড়া এলাকার মিশ্রিলাল গোপের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে কাঁটাতারের ওপাশে একটি চা-বাগানে কাজ করার সময় দীপঙ্কর গোপ ভুলবশত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ অংশে প্রবেশ করেন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে বিরাজোত এলাকায় নিয়ে আসেন। বর্তমানে তিনি বিজিবি, পুলিশ ও স্থানীয়দের হেফাজতে রয়েছেন।
এর আগে গত বুধবার (৫ আগস্ট) সকালে সাতমেরা ইউনিয়নের বিরাজোত এলাকার বাসিন্দা মো. তমিজ উদ্দীন (৭৮) গরু খুঁজতে গিয়ে সীমান্তের কাঁটাতারের কাছাকাছি গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায় বলে অভিযোগ করেন স্থানীয়রা।
তমিজ উদ্দীনের ছেলে আজাহার জানান, তার বাবা বয়স্ক মানুষ। তিনি কানে কম শোনেন এবং ঠিকমতো হাঁটতেও পারেন না। বাবাকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে তমিজ উদ্দীনকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আটক ভারতীয় নাগরিককে হস্তান্তর না করার দাবি জানান তিনি।
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তমিজ উদ্দীনকে ফেরত আনা এবং আটক ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপের বিষয়ে দ্রুত বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।