জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৮০ পিস ইয়াবাসহ সোলায়মান ইসলাম (২৮) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করেছে পুলিশ। এসময় তার সঙ্গে থাকা অপর এক যুবককেও আটক করা হয়।
বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ইলশামারী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খাসিমারা গ্রামের হাবিবুর রহমানের ছেলে ও মাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান ইসলাম এবং অপরজন একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে রুবেল মিয়া (২৫)।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইলশামারী এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।