পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের বিদেশি আবাসন এলাকায় মদ্যপানের পর দুই রুশ নাগরিকের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন, অপরজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকালে রূপপুর গ্রিন সিটির ৬ নম্বর ভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।
নিহত রুশ নাগরিকের নাম কুদরিন সার্গেই (৫৬)। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ট্রেস্ট রোসেম-এ আল্ট্রাসনিক টেস্টিং ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তিনি গ্রিন সিটির ৬ নম্বর ভবনের ৫১ নম্বর কক্ষে বসবাস করতেন। আহত অপর রুশ নাগরিকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মদ্যপানের পর দুই রুশ নাগরিকের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়েন। এতে দুজনই গুরুতর আহত হন। পরে তাদের গ্রিন সিটি হাসপাতালে নেওয়া হলে কুদরিন সার্গেইর অবস্থার অবনতি হয়। সেখান থেকে তাকে পাবনার একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রণব কুমার বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, মদ্যপান অবস্থায় দুই রুশ নাগরিকের মধ্যে মারামারি হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’